বর্ষার মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করলেও উচ্চ দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে জাতীয় মাছ। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল, চন্দ্রিমা, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে দেখা যায়, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায়। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশই দাম শুনে ফিরে যাচ্ছেন। অনেকেই বড় ইলিশের বদলে ছোট মাছ বা বিকল্প মাছ কিনছেন। ক্রেতাদের অভিযোগ, বর্তমান দামে ইলিশ কেনা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিক্রেতাদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে তাজা ইলিশ আসেনি। বেশিরভাগই হিমাগারে সংরক্ষিত মাছ হওয়ায় দামও তুলনামূলক বেশি। তারা আশা করছেন, নদীতে ধরা ইলিশের সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।
তবে আপাতত বাজারের চিত্র বলছে, ইলিশের মৌসুম শুরু হলেও উচ্চমূল্যের কারণে রুপালি এই মাছ এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।

মন্তব্য করুন