আগামী তিন দিনে রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এর প্রভাবে তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের পাশাপাশি ভারতের মেঘালয়, অরুণাচল, ত্রিপুরা এবং আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিনও এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সুরমার ছাতক এবং কুশিয়ারার শেরপুর পয়েন্ট সতর্কসীমায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বা বিদ্যমান পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচেই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
এফএফডব্লিউসি আরও জানিয়েছে, আগামী এক দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় উচ্চ জোয়ার অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন