https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানে ২৭ জুনের পর নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু-কিশোর রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী ও ১৮ জন শিশু-কিশোর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষই একে অপরের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও তা সংঘাত থামাতে পারেনি। বরং ওই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান শনিবার টানা সপ্তম দিনের মতো কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি, এসব হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।