প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার। দেশের গুণগত পরিবর্তন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের অনেক প্রচারণা হলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মূল্যবোধ পুনর্গঠন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাস করেন এবং দেশের সমৃদ্ধি গড়ে তুলতে সব মত ও দলের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মতভেদ ব্যালটের মাধ্যমে নির্ধারিত হতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রেস সচিবের দাবি, প্রধানমন্ত্রী ব্যক্তি বন্দনার সংস্কৃতি থেকে সরে এসে জনসম্পৃক্ত নেতৃত্বের চর্চা করছেন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে তিনি নিয়মিত ঢাকার বাইরে বিভিন্ন জেলা সফর করছেন।
বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, চলতি অর্থবছরের বাজেট একটি জনবান্ধব বাজেট। তার দাবি, বাজেট ঘোষণার পর বাজারে নতুন করে মূল্যস্ফীতি বা পণ্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন