আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, বিভিন্ন প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করতে এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।
প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড় এবং গাড়ি বুকিং ও বিমানবন্দর পিক-আপ ও ড্রপ সেবা পাবেন।
এ ছাড়া সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বেসরকারি হাসপাতালে ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, প্রবাসফেরতদের পুনর্বাসন, বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
কার্ডটির মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সরাসরি অর্থ পাঠানোর সুযোগ এবং এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবাসহ বিভিন্ন সরকারি ও ব্যাংকিং সেবায় অগ্রাধিকারও নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন