প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন অর্জনের চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের এ সময়ের সাফল্য পাঁচটি প্রধান ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। এগুলো হলো— জনগণের আস্থা অর্জন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে মাহদী আমিন ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দুই বছর আগে ১৮ জুলাই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম এবং ঢাকায় ফারহান ফাইয়াজসহ নিহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতনের পথ তৈরি হয়।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলের ৪০০ জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪০ জনেরও বেশি ছাত্রদলের নেতা-কর্মী।

মন্তব্য করুন