পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ, ভুয়া তথ্যের বিস্তার এবং প্রযুক্তির অপব্যবহারের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার পুলিশ স্টাফ কলেজে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকে সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তুলতে হবে। তার মতে, আধুনিক পুলিশিংয়ের সফলতা শুধু অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।

তিনি আরও বলেন, আধুনিক পুলিশ কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশীল, দক্ষ ব্যবস্থাপক, নৈতিক নেতৃত্বসম্পন্ন এবং আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি গবেষণা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবমুখী সমাধান উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কলেজটির পরিচালক (একাডেমিক) সরকার ওমর ফারুক।

এক বছর মেয়াদি ও দুই সেমিস্টারবিশিষ্ট এমএসিপিএম প্রোগ্রামের ১০ম ব্যাচে এবার ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসক, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন।