https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ১৭ জুলাই মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া কয়েকজন সামান্য আহত হলেও পরে দায়িত্বে ফিরে গেছেন।
নিহত দুই সেনার পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেন্টকম।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনী ব্যবহৃত একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় ঘাঁটির কয়েকটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।