https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। রোববার (১৯ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এইওআইর দাবি, স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে খুজেস্তান প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। সংস্থাটি এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ‘বর্বর ও আগ্রাসী’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।
২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।
গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে অঞ্চলে মার্কিন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার মধ্যেই এই নতুন হামলার দাবি সামনে এলো।
এর আগে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করে।