https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদেরও খোঁচা দেন।
রোববার ফেসবুকে প্রকাশিত ভিডিওতে ইরফান বলেন, ‘দুই দিনের দুনিয়া, এর মধ্যেই দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়; এটা কোনো কথা! ২০২১ থেকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা, এখন আবার বিশ্বকাপ—এভাবে বারবার ফাইনাল খেললে একটা মানুষ কি সুস্থ থাকতে পারে?’
এরপর মজা করে অন্য দলের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা তো এসব বুঝবে না। ফাইনালের টেনশন কী জিনিস, সেটা তো দেখোনি। আমরা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকি, সেটা আমাদের কাছ থেকেই শুনতে হবে।’
তবে এবারের ফাইনাল নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বলেও জানান এই অভিনেতা। তার ভাষায়, ‘এখন আমরা বেশ চিল মুডে আছি। আজ জিতলে ভালো, না জিতলেও সমস্যা নেই। মেসির হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। তারপরও চাই, সুন্দর একটা ফাইনাল হোক, আর জিতলে তো আরও ভালো।’