https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) সালান্দ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উৎপত্তিস্থলের আশপাশের গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। খবর জানিয়েছে তেহরান টাইমস।
এদিকে ইরানের সিসমোলজিক্যাল কেন্দ্র (আইআরএসসি) জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে মোট ৮৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৭১টির মাত্রা ছিল ৩-এর নিচে, ১০টির মাত্রা ৩ থেকে ৪-এর মধ্যে এবং দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। ১০ জুলাই কেরমান প্রদেশে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পও রেকর্ড করা হয়।
প্রদেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প অনুভূত হয়েছে খোরাসান রাজাভিতে। এছাড়া সেমনান, কেরমান ও ফার্সে আটটি করে এবং মাজান্দারানে সাতটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী তেহরানে তিনটি ভূমিকম্প অনুভূত হলেও আলবোর্জ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মারকাজি ও হামেদান প্রদেশে কোনো ভূমিকম্প রেকর্ড হয়নি।
মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জিওফিজিক্সের সিসমোলজিক্যাল নেটওয়ার্ক গত পারস্য বর্ষপঞ্জির (মার্চ ২০২৫–মার্চ ২০২৬) হিসাবে দেশজুড়ে রিখটার স্কেলে ২ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ২ হাজার ৩৮০টি ভূমিকম্প রেকর্ড করেছে। এর মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩-এর বেশি, ১৩০টির মাত্রা ৪-এর বেশি এবং ১৫টির মাত্রা ছিল ৫-এর বেশি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এসব ভূমিকম্পের ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে, আর ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।