https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু করেছেন। ভিডিওতে তাকে আগের তুলনায় কিছুটা রোগা ও ক্লান্ত দেখাচ্ছে বলে দাবি করেছেন অনেকে।
সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে সংস্থার আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধন করেন এবং পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন। তবে তার মানবিক উদ্যোগের চেয়ে বেশি আলোচনায় আসে তার শারীরিক পরিবর্তন।
ভাইরাল ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “তাকে খুব অসুস্থ লাগছে, ঈশ্বর তাকে সুস্থ রাখুন।” আবার কেউ মন্তব্য করেছেন, “চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, আগের সেই প্রাণবন্ত উপস্থিতি আর দেখা যাচ্ছে না।” কয়েকজন তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ জানিয়েছেন।
তবে অনেক ভক্ত সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়সের স্বাভাবিক পরিবর্তনকে তিনি লুকানোর চেষ্টা করেননি। একজন লিখেছেন, “অনেক তারকা বয়স আড়াল করতে নানা উপায় অবলম্বন করেন, কিন্তু সালমান নিজের স্বাভাবিক রূপেই সামনে এসেছেন।”
এদিকে সালমান খান বা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্যগত কোনো সমস্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও কাজ থেমে নেই অভিনেতার। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত। জানা গেছে, ছবিটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ ছিল। পরে গল্পে পরিবর্তন এনে নাম পরিবর্তন করা হয় এবং চিত্রনাট্য থেকেও চীন ও গালওয়ান উপত্যকার উল্লেখ বাদ দেওয়া হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খান প্রযোজিত এই সিনেমায় একজন ভারতীয় সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন সালমান। তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে—এমন গুঞ্জনও ছড়ায়। তবে সালমান খান ফিল্মস জানিয়েছে, ছবিটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই নির্মাণ বন্ধ বা সেন্সরে আটকে যাওয়ার খবরের কোনো ভিত্তি নেই।
এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত ‘এসভিসি-৬৩’ সিনেমায় নয়নতারার সঙ্গে অভিনয় করবেন সালমান খান। ছবিটি পরিচালনা করবেন বংশী পৈদিপল্লি। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।