https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। কয়েকদিন আগে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিয়ে দর্শকদের আগ্রহ বাড়ালেও তখন তিনি সিনেমার নাম বা অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেননি। শুধু জানিয়েছিলেন, এটি হবে একটি সমসাময়িক প্রেমের গল্প।
এবার সেই সিনেমা নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। কয়েক সপ্তাহ আগে নির্মাতা ও সিয়ামের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চিত্রনাট্যের চূড়ান্ত রূপ দেওয়া, লোকেশন নির্বাচন এবং অন্যান্য প্রস্তুতি এগিয়ে চলছে। তবে সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন আদনান আল রাজীব কিংবা সিয়াম আহমেদ। যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জানা গেছে, সিনেমার গল্প আবর্তিত হবে সমসাময়িক প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং আধুনিক জীবনের নানা বাস্তবতাকে ঘিরে। নায়ক হিসেবে সিয়ামের নাম চূড়ান্ত হলেও তার বিপরীতে কে অভিনয় করবেন, সে সিদ্ধান্ত এখনো হয়নি। নায়িকা নির্বাচনের জন্য কয়েকজন অভিনেত্রীর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
সিয়াম আহমেদকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দেখা গেছে। নতুন এই ছবির মাধ্যমে তিনি আবারও রোমান্টিক চরিত্রে ফিরছেন, যা তার ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হতে পারে।
অন্যদিকে, ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ এবং ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন আদনান আল রাজীব। পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও তিনি দেশের অন্যতম পরিচিত নির্মাতা। সেই অভিজ্ঞতা নিয়েই এবার বড় পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম, নায়িকা এবং অন্যান্য অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হবে।