ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, কনসার্টের নতুন তারিখ ঘোষণা

সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
অবশেষে ঢাকায় গাইবেন অনুপম রায়, কনসার্টের নতুন তারিখ ঘোষণা

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই অনুযায়ী এবার নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের কথা বিবেচনা করে আগের তুলনায় কিছুটা কম দামে টিকিট রাখার পরিকল্পনা রয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি আরিফা শবনম জানান, আগের কনসার্টের টিকিট কেনা দর্শকদের মধ্যে প্রায় সবাই অর্থ ফেরত পেয়েছেন। তবে নতুন আয়োজনের ক্ষেত্রে পুরোনো টিকিট কার্যকর হবে না; দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

প্রায় চার হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুপম রায়ের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী বা ব্যান্ডও পরিবেশনা করবে। তবে সেই শিল্পী বা ব্যান্ডের নাম এখনো প্রকাশ করা হয়নি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুপম রায়ের এই সংগীত আয়োজন রাজধানীর দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031