ঢাকা
২১ জুলাই ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আবেগাপ্লুত ইয়ামি গৌতম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আবেগাপ্লুত ইয়ামি গৌতম

ছবি: -সংগৃহীত

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় সাফল্য অর্জন করেছে রাজনৈতিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’। ছবিটি সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হওয়ার পাশাপাশি এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম।

ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। ভক্ত, জুরি বোর্ড এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ অভিনয়জীবনের এই স্বীকৃতি তার কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত।

ইয়ামি লেখেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা মনে করিয়ে দেয় কেন কখনো হাল ছাড়েননি। আজ আমার জন্য সেই বিশেষ মুহূর্ত। “আর্টিকেল ৩৭০”-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা সারাজীবন মনে রাখব।’

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে তিনি সবসময় নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছেন এবং চেয়েছেন তার অভিনয়ই যেন তার হয়ে কথা বলে। এই সম্মানকে তিনি আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি তার অটুট ভালোবাসার স্বীকৃতি হিসেবে দেখছেন।

ইয়ামির ভাষায়, ‘এটি এমন একটি স্বপ্ন, যা বহু বছর ধরে হৃদয়ে লালন করেছি। আজ গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখছি।’

অভিনেত্রী জানান, ‘আর্টিকেল ৩৭০’ তার কাছে শুধু আরেকটি সিনেমা ছিল না। গল্পটির প্রতি তার গভীর বিশ্বাস ছিল এবং পুরো টিম সততার সঙ্গে এটি পর্দায় তুলে ধরতে কাজ করেছে। তাই এই স্বীকৃতি তার কাছে আরও বেশি আবেগঘন।

‘আর্টিকেল ৩৭০’ নির্মিত হয়েছে ইয়ামি গৌতমের স্বামী, প্রযোজক-পরিচালক আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটির সাফল্য ইয়ামির কাছে শুধু পেশাগত অর্জন নয়, ব্যক্তিগতভাবেও এক বিশেষ মাইলফলক।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031