হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম তিন দিনেই মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার ছবিটি বিশ্বব্যাপী ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকার সমান। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’–এর পর এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বোধনী আয়।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটির আয় ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার।

শুধু বিশ্ববাজারই নয়, ভারত ও বাংলাদেশেও দারুণ সাড়া ফেলেছে ‘দ্য ওডিসি’। ভারতে মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি ৭০ কোটির বেশি রুপি (গ্রস) আয় করেছে, যা দেশটিতে নোলানের কোনো সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়। প্রথম সপ্তাহান্ত শেষে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ দশমিক ৩০ কোটি রুপি এবং গ্রস আয় ৭৩ দশমিক ১৯ কোটি রুপিতে। এর মধ্যে ৪৮ দশমিক ৫ কোটি রুপি এসেছে ইংরেজি সংস্করণ থেকেই।

বাংলাদেশের মাল্টিপ্লেক্সেও ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। চলচ্চিত্রের আয় বিশ্লেষক বিএমআর–এর তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনেই দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে ‘দ্য ওডিসি’–র মোট গ্রস আয় ১ কোটি ২ লাখ টাকা ছাড়িয়েছে।

এ অর্জনের মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকার আয় অতিক্রম করা দশম সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ছবিটি। মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি প্রদর্শনী থেকেই আয় হয়েছে ২১ লাখ ৩৪ হাজার টাকা। প্রথম তিন দিনে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ শতাংশ।

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’–এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ছবিতে রাজা ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার ছেলে টেলেমেকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। এছাড়া অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ং’ও এবং জেনডায়াসহ একঝাঁক জনপ্রিয় তারকা এতে অভিনয় করেছেন।