https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
সোমবার (২০ জুলাই) ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলনের ডাক দেওয়া হয়। একই দিন প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুম্বাইয়ের দাদরে আয়োজিত একটি সমাবেশে অংশ নেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ। আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায় পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়ার সময় ফাহাদ আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশে বারবার জানতে চাইছেন, ‘আমাকে কেন আটক করা হচ্ছে?’
স্বামীর আটকের ঘটনায় এক্সে প্রতিক্রিয়া জানিয়ে স্বরা ভাস্কর লেখেন, মুম্বাই পুলিশ ফাহাদসহ আরও কয়েকজনকে আটক করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এটাই কি গণতন্ত্র? এটি অত্যন্ত লজ্জাজনক।
পরে স্বরা ভাস্কর জানান, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ফাহাদ আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে আন্দোলনে অংশ নেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী এবং শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি তুলে ধরছেন।
শাবানা আজমি বলেন, আমাদের উদ্দেশ্য কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি করা নয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি।
আন্দোলনে বলিউডের আরও শিল্পীদের অংশগ্রহণ না করার বিষয়ে প্রশ্ন করা হলে শাবানা আজমি বলেন, প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ চাইলে আন্দোলনে অংশ নিতে পারেন, আবার না নিলেও সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।