https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’-এর সাফল্যের পর নতুন সিরিজ নিয়ে ফিরছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নতুন সিরিজের নাম ‘ফিরে আশার গল্প’।
মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে সিরিজটির ঘোষণা দেন নির্মাতা। ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ।
ঘোষণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। সেখানে জানানো হয়েছে, ‘মরিয়ম’ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিরিজটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নির্মাতা।
তবে সিরিজটির গল্প, অন্যান্য চরিত্র কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করেননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে সিরিজটির বাকি চরিত্র ও শিল্পীদের পরিচয় তুলে ধরা হবে।
নির্মাতার ইঙ্গিত অনুযায়ী, ‘মরিয়ম’ চরিত্রকে ঘিরেই এগোবে গল্পের গুরুত্বপূর্ণ অংশ। পারিবারিক ও সামাজিক সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের শক্তিকে কেন্দ্র করেই নির্মিত হবে সিরিজটি। প্রশ্ন উঠেছে, মরিয়ম কি শেষ পর্যন্ত সম্পর্কগুলো ধরে রাখতে পারবেন?
গ্লো অ্যান্ড লাভলী বাংলাদেশ-এর উপস্থাপনায় নির্মিত হচ্ছে ‘ফিরে আশার গল্প’। তবে সিরিজটির গল্প, পূর্ণাঙ্গ অভিনয়শিল্পীর তালিকা এবং মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে নতুন এই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।