https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গভীর রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ক্ষোভ উগরে দেন।
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযানে পুলিশ বলপ্রয়োগ করলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরই ভিডিও বার্তা প্রকাশ করেন নাসিরুদ্দিন শাহ।
ভিডিওতে তিনি বলেন, ‘একজন মূর্খ যখন দেশ চালায়, তখন সে চায় ভবিষ্যৎ প্রজন্মও তার মতো মূর্খ, নির্দয় ও বিবেকহীন হয়ে উঠুক।’
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আচরণের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘রাগে আমার গা জ্বলছে। আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমেরিকার এজেন্টদের কথা মনে পড়ে। মুখোশ পরে হাতে লাঠি নিয়ে তারা হামলা করছে। বাচ্চাদের কথাও ভাবুন। এর পরিণতি একদিন আপনাদেরও ভোগ করতে হবে।’
একই সঙ্গে তিনি আন্দোলনরত তরুণদের উদ্দেশে বলেন, ‘দেশের যুবকদের নিয়ে আমরা সবসময় আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে। আপনারা লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি।’
এই আন্দোলন নিয়ে এর আগেও বলিউডের বেশ কয়েকজন তারকা সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন সোনাক্ষী সিনহা, ভূমি পেডনেকর, দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, পুনম পান্ডে, অনুরাগ কাশ্যপ ও কৌশিকী চক্রবর্তী। অন্যদিকে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমী আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাত কাটান।