https://timenewsbangla.com

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও দুইজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত এসপি শাহেদ আহমেদকে সিআইডিতে, র্যাবের অতিরিক্ত এসপি এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত এসপি মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত এসপি মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ির এএসপি মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের এএসপি অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ৬ আগস্ট থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।