https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য বা করণীয় নেই। তবে স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি অংশ নেন। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব।
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। পাশাপাশি গভীর সমুদ্রভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে আরও বড় প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে।