https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী আগস্ট মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ফারুক আহমেদ।
তিনি বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ডাকাতি দমন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব পর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সভার শুরুতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-পূর্ব) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সালের ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আগামী আগস্ট মাসের কর্মপরিকল্পনায় ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ভার্চুয়ালি সভায় অংশ নেন।