৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪ বার পঠিত
ছবি: -সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে পিএসসি ফল প্রকাশ করে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য দেখতে পারবেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএস-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা-সহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে ওই পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত ফলাফলে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে।
এর আগে, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।
গত ২৬ নভেম্বর প্রকাশিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগের কথা জানানো হয়।
এই বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি ৬৫০ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।