ঢাকা
০৮ আগস্ট ২০২৬

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা আলিয়া ভাটের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা আলিয়া ভাটের

ছবি: -সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তাদের সাহস, ঐক্য ও অধিকার আদায়ের সংগ্রামের প্রশংসা করেছেন।

ভারতে নিট পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে চলমান এ আন্দোলনে সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচির সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এমন প্রেক্ষাপটে বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। সেখানে তিনি লিখেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে শিক্ষার্থীদের ঐক্য, সাহস এবং ন্যায়সঙ্গত দাবিতে অবিচল অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে।

আলিয়া বলেন, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের প্রত্যাশা এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম। তারা শুধু নিজেদের অধিকার নয়, বরং একটি প্রজন্মের ভবিষ্যতের জন্যও কথা বলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—যাদের হাতে ভবিষ্যৎ, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তাদের সাহস আমাদের সবাইকে আত্মসমালোচনার সুযোগ করে দিয়েছে।

বার্তার শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে আলিয়া লেখেন, “এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।”

আলিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার অবস্থানকে সাহসী ও সময়োপযোগী বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ চলমান ইস্যুতে নীরব থাকা অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তার অবস্থানের তুলনা করেছেন।

শিক্ষার্থী আন্দোলন নিয়ে এতদিন বলিউডের অধিকাংশ তারকা প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। সম্প্রতি সালমান খানও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। তার পর এবার আলিয়া ভাটও শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031