ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এ অনিয়মের অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও অভিনেতা সাকিব সালিম। দিল্লির ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তর-মন্তরে গভীর রাতে গিয়ে তারা আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিট পরীক্ষায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে শত শত শিক্ষার্থী যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বুধবার গভীর রাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই সেখানে উপস্থিত হন হুমা কুরেশি, সাকিব সালিম ও অভিনেতা রচিত সিং।
প্রতিবেদনে আরও বলা হয়, অতিরিক্ত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মতো আন্দোলনকারীদের সঙ্গে মিশে দীর্ঘ সময় তাদের বক্তব্য শোনেন এই তারকারা। পরে শিক্ষার্থীদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে তারা বলেন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
মধ্যরাতে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়ান হুমা, সাকিব ও রচিত সিং।
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। কেউ রাজপথে উপস্থিত হয়ে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন