https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে রাজকীয় লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রয়্যাল ব্লু গাউনে তার নতুন ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে নিউ ইয়র্কের আকাশছোঁয়া ভবন ও ব্রুকলিন ব্রিজের মনোমুগ্ধকর পটভূমিতে নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। কোথাও হাসিমাখা মুখে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কোথাও স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে পোজ দিয়ে ছবিগুলোতে ফুটিয়ে তুলেছেন অনন্য সৌন্দর্য ও আত্মবিশ্বাস।
ফটোশুটে মেহজাবীনের পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টিয়ার্ড টিউল গাউন। পোশাকটির সঙ্গে পরিমিত মেকআপ, মার্জিত হেয়ারস্টাইল এবং পরিশীলিত স্টাইলিং তার পুরো উপস্থিতিকে দিয়েছে এক অভিজাত ও নান্দনিক আবহ। ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও স্থাপত্যের সঙ্গে তার এই সাজ যেন তৈরি করেছে সিনেমাটিক এক দৃশ্য।
ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘Because Kal Ho Naa Ho…’। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র কাল হো না হো-এর নিউ ইয়র্ককেন্দ্রিক আবহ থেকেই এই ফটোশুটের অনুপ্রেরণা এসেছে বলে ধারণা করছেন ভক্তরা।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন। তার ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন অসংখ্য অনুরাগী।
অভিনয়ের পাশাপাশি স্টাইল ও ফ্যাশন সচেতনতার জন্যও নিয়মিত আলোচনায় থাকেন মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা থেকে ওটিটি এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর নতুন ফটোশুটও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।