https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের মর্যাদাপূর্ণ ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজকরা ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করলে সেখানে স্থান পায় বাংলাদেশের এই চলচ্চিত্র। ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৮টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এ অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। পুরো টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া যেকোনো নির্মাতার জন্যই বড় স্বীকৃতি, একই সঙ্গে এটি বাংলাদেশের জন্যও গর্বের অর্জন।
বাঁধন জানান, তিনি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, ছবিটি উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখনই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হলো যে, ছবিটি ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগটি নতুন ধারা, নতুন ভাষা ও সমসাময়িক চলচ্চিত্র নির্মাণশৈলীকে উৎসাহিত করার জন্য বিশেষভাবে পরিচিত। উদ্ভাবনী গল্প ও নির্মাণভঙ্গির চলচ্চিত্রগুলোই সাধারণত এই বিভাগে নির্বাচিত হয়। সে বিবেচনায় রুবাইয়াত হোসেনের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীসহ আরও অনেকে।