https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘদিন পর নিজের মৌলিক গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’। একই সঙ্গে এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথাও জানান এই শিল্পী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ বলেন, গত কয়েক বছর চলচ্চিত্রের গান, কনসার্ট ও রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকায় নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ হয়নি। তবে এই সময়জুড়ে তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর তৈরি করেছেন।
তিনি বলেন, “অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার দায়িত্ব। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।”
আতিফ জানান, ‘সুবাহ্ আয়না’ অ্যালবামে মোট আটটি গান থাকবে। প্রায় আট বছর ধরে এ প্রকল্পে কাজ করেছেন তিনি। অ্যালবামটিতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ একাধিক সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।
তবে ঢাকার আসন্ন কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন না বলেও স্পষ্ট করেন এই গায়ক। তার ভাষায়, “অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইব না। অ্যালবাম প্রকাশের পর আবার ফিরব, ইনশাআল্লাহ।”
২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মজার ছলে বলেন, তার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ উপভোগ্য হয়ে উঠবে বলেই বিশ্বাস তার।
বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন আতিফ। তিনি বলেন, বাংলাদেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন এবং সুযোগ পেলে অন্যদেরও তা চেখে দেখার পরামর্শ দেন।
বাংলাদেশের সংগীতাঙ্গন প্রসঙ্গে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ভূয়সী প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার কাছে স্মরণীয়। তাকে তিনি একজন ‘লেজেন্ড’ বলে অভিহিত করেন।
বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাসেরও প্রশংসা করেন এই শিল্পী। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো প্রাণবন্ত সাড়া খুব কমই দেখা যায়। বিশেষ করে ‘আদাত’ গানটি হাজারো দর্শকের কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হওয়ার মুহূর্ত তার কাছে সবসময়ই বিশেষ অনুভূতির।
বাংলা ভাষায় গান গাওয়ার আগ্রহের কথাও জানান আতিফ আসলাম। তবে উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে উল্লেখ করেন তিনি। ভাষাটির প্রতি সম্মান রেখেই প্রস্তুতি নিয়ে বাংলা গান গাইতে চান বলে জানান এই শিল্পী।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের একটি চলচ্চিত্রের জন্য ‘মিঠে আলো’ শিরোনামের গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রকল্পে কাজ করার আগ্রহ রয়েছে তার।
সংগীতজীবনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তার সৃষ্টিশীলতা সবচেয়ে বেশি কাজ করে। আর নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’ তার হৃদয়ের সবচেয়ে কাছের কাজগুলোর একটি, কারণ প্রতিটি গানই তিনি নিজের অনুভূতি থেকে তৈরি করেছেন।
বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠীর অন্যতম বাংলাদেশ। তাই এ দেশের মানুষের প্রতি তিনি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ।