বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিল্পায়ন ত্বরান্বিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগকারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। দেশীয় কিংবা বিদেশি—যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করলে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সব ধরনের সহযোগিতা দেবে। এটি শুধু আশ্বাস নয়, আমাদের সরকারের অঙ্গীকার।
তিনি বলেন, বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনসমর্থনপুষ্ট সরকার দেশকে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, বিনিয়োগ সুরক্ষা জোরদার, দ্রুত বিরোধ নিষ্পত্তি, মুনাফা প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করা এবং সরকারি সেবার ডিজিটাল রূপান্তরের কাজ এগিয়ে নিচ্ছে।
এছাড়া পুঁজিবাজারকে আরও গতিশীল করা, স্টার্টআপে সহায়তা বৃদ্ধি, অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা এবং বন্দর, লজিস্টিকস ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
রাজনীতিতে আসার আগে ব্যবসায়ী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার সাফল্য শুধু উদ্যোক্তার দক্ষতার ওপর নির্ভর করে না; সরকারের প্রবৃদ্ধিবান্ধব নীতিমালাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বিনিয়োগ আকর্ষণের ওপর নয়, দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার ওপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই অগ্রযাত্রার অংশ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন সরকারের নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহী, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

মন্তব্য করুন