https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কে সাংবাদিক এবং কে নন—এটি নির্ধারণে একটি যথাযথ ও গ্রহণযোগ্য কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত অবশ্যই সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বাধিক সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেন সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও কমিটিকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গণমাধ্যমকে বহুমাত্রিক মত ও চিন্তার একটি পরিসর উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতাদর্শের সহাবস্থানই গণমাধ্যমের শক্তি। তাই সংকীর্ণতা বা পক্ষপাত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা প্রকাশ পায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও সংবেদনশীল মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের সুদূরপ্রসারী রাজনৈতিক ও সামাজিক প্রভাব থাকতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতি নয়, বরং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা অনেকাংশেই সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও পেশাগত বিচক্ষণতার ওপর নির্ভর করবে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।