চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। সচরাচর এত বড় কোরাল মাছ দেখা না যাওয়ায় সেটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা, ব্যবসায়ী ও উৎসুক দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। প্রায় ছয় ফুট লম্বা মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। বিশাল আকৃতির এ মাছকে ঘিরে বাজারজুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।
মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে ক্রেনের সাহায্যে সেটি ট্রলার থেকে পিকআপে তোলা হয়। পরে কাজীর দেউড়ি বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল মিলে মাছটি দোকানে নামায়।
তিনি জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, কোরাল বাংলাদেশের অন্যতম মূল্যবান সামুদ্রিক মাছ এবং এর একাধিক প্রজাতি রয়েছে। ছবি দেখে এটিকে কোরাল শ্রেণির মাছ বলেই মনে হচ্ছে। স্থানীয়ভাবে অনেকে এ ধরনের মাছকে ‘কৈ কোরাল’ নামে চেনেন। তবে পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া এর সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজ পর্যন্ত বিস্তৃত থাকায় দূর থেকে এটি তিনটি লেজবিশিষ্ট বলে মনে হয়। এছাড়া শরীরজুড়ে থাকা বাদামি ছোপও কৈ কোরাল প্রজাতির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মন্তব্য করুন