https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। একইসঙ্গে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো এখনও তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। তার ভাষ্য, প্রসিকিউশনে জমা পড়া অভিযোগ সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠানো হয় এবং এ ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে।
এছাড়া সংগঠনটি জুলাই গণঅভ্যুত্থানের সময় বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্তের দাবি জানিয়েছে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল, শান্তা ফারজানা এবং মোমিন মেহেদী।
তবে অভিযোগগুলো এখনও তদন্তাধীন এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা হয়নি।