জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছে বিএনপি। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, বিএনপি নতুন নতুন বয়ান তৈরি করে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। অথচ নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতারাই বিএনপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার বক্তব্য উল্লেখ করে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের আমির।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে সরকার ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না, অথচ রাজধানীতে একই পণ্য কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গা দেওয়া হচ্ছে। সীমান্ত দিয়ে অর্থ, অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমানের দাবি, দেশের মানুষের ওপর করের বোঝা বাড়ছে, অথচ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে কার্যকর পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
আন্দোলনের বিষয়ে জামায়াতের আমির বলেন, তাদের কর্মসূচি কোনো দলীয় বা জোটগত স্বার্থে নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও সংস্কারের প্রশ্নে তারা পিছিয়ে যাবেন না।
তিনি সরকারের প্রতি সংবিধান সংশোধন ও অন্যান্য বিষয়ে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন