https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্যাংকগুলোর শাখা, উপশাখা, বুথ ও অন্যান্য ব্যবসায়িক কেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, শহর এলাকায় কোনো ব্যাংক শাখার সর্বোচ্চ আয়তন হবে ৬ হাজার বর্গফুট এবং গ্রামীণ এলাকায় ৩ হাজার বর্গফুট। একই সঙ্গে ভাড়া, অগ্রিম, নিরাপত্তা জামানত, অভ্যন্তরীণ সাজসজ্জা ও শাখা স্থানান্তরের ক্ষেত্রেও কঠোর সীমা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ জারি করা নীতিমালায় বলা হয়েছে, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং শহর-গ্রামে ভারসাম্যপূর্ণ ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, উপশাখার আয়তন সর্বোচ্চ ১ হাজার বর্গফুট, কালেকশন বুথ ৩৫০ বর্গফুট এবং এটিএম বুথ ১০০ বর্গফুটের মধ্যে রাখতে হবে।
ভাড়া চুক্তির মেয়াদ কমপক্ষে ছয় বছর হতে হবে। প্রথম তিন বছরে ভাড়া বাড়ানো যাবে না। এরপর ভাড়া বাড়ালেও তা প্রাথমিক ভাড়ার সর্বোচ্চ ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এছাড়া সার্ভিস চার্জ মূল ভাড়ার ১০ শতাংশের বেশি নেওয়া যাবে না এবং বাজারদরের তুলনায় অস্বাভাবিক বেশি ভাড়ায় ভবন ভাড়া নেওয়া যাবে না।
নীতিমালায় অগ্রিম ও নিরাপত্তা জামানতেরও সীমা নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ ১৮ থেকে ৩০ মাসের ভাড়ার সমপরিমাণ সমন্বয়যোগ্য অগ্রিম দেওয়া যাবে। আর ফেরতযোগ্য নিরাপত্তা জামানত সর্বোচ্চ ছয় মাসের ভাড়ার সমপরিমাণ হবে।
নতুন শাখা, উপশাখা, কালেকশন বুথ ও বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ চালুর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক। এছাড়া শাখা একীভূতকরণ, স্থানান্তর বা বন্ধ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। তবে এটিএম, সিআরএম, সিডিএম বুথ, এক মাসের কম সময়ের অস্থায়ী বুথ এবং বিমানবন্দর লাউঞ্জ স্থাপনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটির অনুমোদনই যথেষ্ট।
অভ্যন্তরীণ সাজসজ্জার ব্যয়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন ব্যবসা কেন্দ্র স্থাপনে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং স্থানান্তরের ক্ষেত্রে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা ব্যয় করা যাবে।
শহর ও গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার ভারসাম্য বজায় রাখতে বছরে খোলা নতুন শাখার অন্তত অর্ধেক গ্রামীণ এলাকায় স্থাপন করতে হবে। একই বছরে একই শহরে একটির বেশি নতুন শাখা খোলা যাবে না এবং গ্রামীণ এলাকার কোনো শাখা শহরে স্থানান্তরের সুযোগ থাকবে না।
এছাড়া সান্ধ্যকালীন ব্যাংকিং চালুর জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। এ সেবা স্বাভাবিক ব্যাংকিং সময়ের অতিরিক্ত সর্বোচ্চ দুই ঘণ্টা চালানো যাবে এবং এ সময়ে শুধু নগদ অর্থ জমা নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হবে। নিয়মবহির্ভূতভাবে শাখা স্থাপন বা স্থানান্তরের ক্ষেত্রে অনুমোদন বাতিলের ক্ষমতাও থাকবে কেন্দ্রীয় ব্যাংকের।