দিন শেষে ডিএসইতে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির। অর্থাৎ, দাম বাড়ার তুলনায় কমেছে তিন গুণেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
দরপতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনও কমেছে। সোমবার বাজারটিতে মোট ৪১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা।
দিনের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রাইম ব্যাংক। কোম্পানিটির ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ১৮ কোটি ৩ লাখ টাকা। আর সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম কমেছে, বেড়েছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছে। তবে বাজারটিতে লেনদেন কিছুটা বেড়ে ১৬ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ছুটিতে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। রোববার (২৫ অক্টোবর) লেনদেন শুরুর পর থেকেই বাজারে দরপতন চলছে। ছুটির আগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও নতুন সপ্তাহে টানা দরপতনে পড়েছে দেশের দুই শেয়ারবাজার।

মন্তব্য করুন