আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। এ অঞ্চলের উৎপাদন, উদ্যোক্তা ও খামারিদের সম্ভাবনা তুলে ধরতেই কিশোরগঞ্জের কটিয়াদীকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, এতদিন জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হলেও এবার প্রধানমন্ত্রী উৎপাদনসমৃদ্ধ অঞ্চলে এ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন। বিভিন্ন জেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর কটিয়াদীকেই চূড়ান্ত করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। একই সঙ্গে ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক আয়োজন। এর মাধ্যমে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় অনুষ্ঠানস্থল প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ নয়, বরং মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনের পাশাপাশি কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন