https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়ার সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।
আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণজাগরণ মঞ্চের নেতা, সাংবাদিকসহ মোট ৪১ জন।
প্রসিকিউশন জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। তা যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।