https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে নিয়ে তার নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। একটি পডকাস্টে মহানায়কের গায়ের রং ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে করা মন্তব্য ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
পডকাস্টে নবমিতা দাবি করেন, উত্তম কুমার জন্মগতভাবে ফর্সা ছিলেন না। তার ভাষ্য, অভিনেতার গায়ের রং ছিল তুলনামূলক গাঢ় এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের ত্বক পরিচর্যা, ক্রিম ও চিকিৎসকের পরামর্শের মাধ্যমে তিনি নিজের ত্বকের যত্ন নিতেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই নবমিতার বক্তব্যের সমালোচনা করেন। মহানায়কের অসংখ্য ভক্তের দাবি, এই মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি। কেউ কেউ অভিযোগ করেছেন, আলোচনায় আসার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে।
অনেক সিনেমাপ্রেমীর মতে, উত্তম কুমারের জনপ্রিয়তা বা কিংবদন্তি হয়ে ওঠার পেছনে তার গায়ের রঙের কোনো ভূমিকা ছিল না। বরং তার অসাধারণ অভিনয়, ব্যক্তিত্ব, পর্দা উপস্থিতি এবং অনন্য ক্যারিশমাই তাকে বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এদিকে নবমিতা চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক চললেও এ বিষয়ে তিনি এখন পর্যন্ত নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া দেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।