https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টেলিভিশন নাটক, সিনেমা ও ওটিটি—তিন মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে অসংখ্য দর্শকপ্রিয় চরিত্র উপহার দিলেও নিজের সাফল্যের পেছনে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কৃতিত্ব দিতে রাজি নন তিনি।
সম্প্রতি গাজীপুরের পুবাইলে দুটি নাটকের শুটিংয়ের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোশাররফ করিম বলেন, ‘আমি তো নিজেও জানি না। এটা বলতে পারব না। আমি গুছিয়ে চলা মানুষ নই, কীভাবে যেন সব হয়ে গেছে।’
বর্তমানে তিনি একদিকে শামীম জামান পরিচালিত ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’, অন্যদিকে মহিন খানের রচনা ও পরিচালনায় এক ঘণ্টার নাটক ‘সুবিধাবাদী’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নতুন নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আজ যে সেটে আছি, এ নাটকের নাম ‘সুবিধাবাদী’। গল্পটি খুব ভালো। এতে আমার সঙ্গে হিমি, শিরীন বকুলসহ আরও অনেকেই অভিনয় করছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
অভিনয়জীবনের ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, এত কাজের মধ্যেও নিজেকে আলাদাভাবে পরিকল্পনা করে এগিয়ে নেন না। বরং সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই সবকিছু এগিয়ে গেছে বলে মনে করেন তিনি।
বর্তমান সময়ের নাটকে সামাজিক দায়বদ্ধতার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন এই জনপ্রিয় অভিনেতা। তার মতে, শিল্পের কাজ শুধু বার্তা দেওয়া নয়, মানুষের মনে আনন্দ ছড়িয়ে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। আমি যদি এমন একটি কমেডি নাটক করি, যেখানে কোনো সরাসরি বার্তা নেই, কিন্তু সেটি দেখে একজন মানুষ আনন্দ পায়, মানসিকভাবে স্বস্তি পায়—সেটাও বড় দায়িত্ব পালন। মানুষকে আনন্দ দেওয়াটাও এক ধরনের চিকিৎসা।
আলাপচারিতার মাঝেই আবার শুটিংয়ের ডাক পড়ে। বৃষ্টি নামার আগেই ক্যামেরার সামনে ফিরতে হয় মোশাররফ করিমকে, শেষ হয় সংক্ষিপ্ত সেই আড্ডা।