https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
১৬ মাসে দেশে শিশু নির্যাতনের একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে মানবাধিকার সহায়তা সমিতি (এইচআরএসএস)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে অন্তত ১ হাজার ৮৯০ জন শিশু ও কিশোরী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৪৮৩ জন শিশু নিহত হয়েছে এবং ১ হাজার ৪০৭ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে ৫৮০ জন শিশু ধর্ষণ এবং ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রতিটি শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যথাযথ প্রয়োগ, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, বিনামূল্যে আইনগত সহায়তা, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংগঠনটির মতে, শিশু সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব হলেও ধারাবাহিক সহিংস ঘটনা প্রমাণ করছে যে বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং আইন প্রয়োগের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।