সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৪ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৪০।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ১২১ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮০ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।



মন্তব্য করুন