https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফ্যাসিবাদের পতন ও জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের পর নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। এখন রাজনৈতিক বিভ্রান্তি নয়, দেশ পুনর্গঠনই সবার প্রধান দায়িত্ব।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একটি মহল রাজপথে অস্থিরতা সৃষ্টি এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির লক্ষ্য ছিল ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে, এখন দেশের উন্নয়ন ও সংস্কারই সরকারের মূল অঙ্গীকার।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন ও চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সহিংসতা ও অসহিষ্ণুতা দেশের সংস্কৃতির অংশ নয়। তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য দ্রুত রাষ্ট্রীয় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি বিভেদ ও ষড়যন্ত্র এড়িয়ে গণতন্ত্রের পক্ষে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, চব্বিশের আন্দোলন ছিল দল-মত নির্বিশেষে সমগ্র জাতির আন্দোলন। এ অর্জনকে পুঁজি করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না করে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিপিজেএ গ্যালারিতে সংরক্ষিত গত ১৫ বছরের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র পরিদর্শন করেন।