মঞ্চনাটক থেকে অভিনয়জীবনের শুরু, ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি, আর এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিষেক—সব মিলিয়ে হলিউডের তরুণ তারকাদের মধ্যে আলোচনার কেন্দ্রে এখন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে তাঁর চমকপ্রদ উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সিনেমায় স্যাডি সিঙ্কের চরিত্রটি মুক্তির আগ পর্যন্ত গোপন রাখা হয়েছিল। ৩০ জুলাই কয়েকটি দেশে এবং ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তির পর প্রকাশ পায়, তিনি মার্ভেল কমিকসের শক্তিশালী চরিত্র জিন গ্রে-র ভূমিকায় অভিনয় করেছেন। এক্স-মেন সিরিজে পরিচিত এই চরিত্রকে এবার প্রথমবারের মতো স্পাইডার-ম্যানের জগতে দেখা গেছে।
গল্পের শুরুতে জিন গ্রের পরিচয় আড়ালেই রাখা হয়। নিউইয়র্কজুড়ে রহস্যময় এক অপরাধীর আবির্ভাব ঘটে, যে দূর থেকেই মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। ডিপার্টমেন্ট অব ড্যামেজ কন্ট্রোলের গোপন ভল্টে থাকা একটি গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করাই তার লক্ষ্য। প্রথমে স্করপিয়নকে ব্যবহার করে ব্যর্থ হওয়ার পর সে ব্রুস ব্যানারের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাকে হাল্কে রূপান্তরিত করে ভয়াবহ হামলা চালায়।
সিনেমাজুড়ে জিন গ্রের অসাধারণ মানসিক ও সাইকিক শক্তির সামনে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় স্পাইডার-ম্যানকে। চরিত্রটির আবেগ, রহস্য ও শক্তিশালী উপস্থিতি পর্দায় ফুটিয়ে তুলে প্রশংসা কুড়িয়েছেন স্যাডি সিঙ্ক। টম হল্যান্ডের পাশাপাশি তাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। অনেকের মতে, এই চরিত্রের মাধ্যমে ভবিষ্যতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।

মন্তব্য করুন