বলিউডে অ্যাকশন ও নাচের জন্য পরিচিত অভিনেতা টাইগার শ্রফ এবার নতুন পরিচয়ে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি গানের জগতে যাত্রা শুরু করলেন তিনি। ‘তেনু লেকে জানা’ শিরোনামের গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই অভিনেতা।

টি-সিরিজের ব্যানারে প্রকাশিত গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে টাইগারকে। ভিডিওতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কেতিকা শর্মা।

রোমান্টিক আবহ ও উৎসবের আমেজে তৈরি গানটির কথা ও সুর করেছেন দ্য রিশ। এতে টাইগারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া জৈন ও আরআই আলিয়া।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে টাইগার বলেন, সংগীত ও নাচ সবসময় তার পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ অংশ। তাই গানটিতে দুটিকে একসঙ্গে উপস্থাপন করতে পেরে আনন্দিত তিনি। কেতিকার সঙ্গে গান ও ভিডিওতে কাজের অভিজ্ঞতাও ভালো ছিল বলে জানান অভিনেতা।

‘তেনু লেকে জানা’ গানটি ইতোমধ্যে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। পাশাপাশি গানটির ভিডিও দেখা যাচ্ছে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে।