https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবীন অভিনেত্রী মালাইকা চৌধুরীর সঙ্গে। তাদের অভিনীত নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ শিগগিরই প্রকাশিত হবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
মাসরিকুল আলম পরিচালিত নাটকটিতে তৌসিফ ও মালাইকার পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল। ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প।
নির্মাতা মাসরিকুল আলম বলেন, নাটকটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরের অনুভূতিগুলোও গল্পে তুলে ধরা হয়েছে। তাঁর আশা, নাটকটির চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, গল্পের আবহ পরিচিত হলেও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। পাশাপাশি মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ।
অভিনয়ে বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ অনুসরণ করে এগিয়ে চলা মালাইকার জন্যও এটি একটি নতুন মাইলফলক। নতুন এই জুটির রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।