https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো কার্ড পুনরায় উত্তোলন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় নতুন ফি কার্যকরের তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের জন্য প্রথমবার আবেদন করতে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিবার ৪৬০ টাকা ফি দিতে হবে।
অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
হারানো এনআইডি কার্ড পুনরায় তুলতে সাধারণ আবেদনে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৫০০ টাকা ফি দিতে হবে। জরুরি আবেদনের ক্ষেত্রে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি’র সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে।
এ ছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন বা অনুলিপি সংগ্রহ এবং ভোটার তালিকার সত্যায়িত অনুলিপি পেতে ১০০ টাকা করে ফি দিতে হবে। শুধু ভোটার তালিকা পরিদর্শনের জন্য ফি রাখা হয়েছে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার তথ্যসংবলিত ডিস্ক সংগ্রহে প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এনআইডি তথ্য যাচাই ও সরবরাহ সেবার ফিও পুনর্নির্ধারণ করেছে ইসি। সরকারি সংস্থা ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক নবায়ন বা অতিরিক্ত ব্যবহারকারী ফি ১ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য ২ টাকা করে দিতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখা হয়েছে। প্রথম ৭০ জন ব্যবহারকারীর প্রত্যেকের জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রত্যেক ব্যবহারকারীর জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে ৫ টাকা করে পরিশোধ করতে হবে।