https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সংস্থাটির লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং এ প্রযুক্তির নিরাপদ ও মানবকল্যাণমুখী ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা এগিয়ে নেওয়া।
চীনের সাংহাইয়ে সদর দপ্তরভিত্তিক এ আন্তঃসরকারি সংস্থাটি গত ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে ২৯টি দেশকে নিয়ে এ জোটের ঘোষণা দেয় চীন।
প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ বৈশ্বিক দক্ষিণের বেশ কয়েকটি দেশ।
এর আগে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এই প্রযুক্তির ওপর কোনো একক দেশের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকা উচিত নয়।