দূষণের চাপে হাঁসফাঁস ঢাকা, আজ বিশ্বের নবম দূষিত শহর
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬ ২২ বার পঠিত
ছবি: -সংগৃহীত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উপরে জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা। শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার ডটকমের প্রকাশিত তথ্যে দেখা গেছে, বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান নবম।
শনিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৯। এই মাত্রাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং ফুসফুস বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য এই বাতাস ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবারও রাজধানীর বায়ুর মান প্রায় একই অবস্থায় ছিল।
তালিকার শীর্ষে রয়েছে কিনশাসা। শহরটির দূষণ স্কোর ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি–এর বাতাসের মানও একইভাবে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মানের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ ছাড়িয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং বর্জ্য পোড়ানোর কারণে বায়ুদূষণ দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছিল, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।