https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে দেশটির দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ‘ভেলা নোভা’ নামের জাহাজটিকে বারবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অচল করা হয়।
সেন্টকম জানিয়েছে, জাহাজটি আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছে না। গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা।
মার্কিন বাহিনীর দাবি, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে ইরানের দিকে যাওয়া থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।
ইরান অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তেহরানের মতে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার অন্যতম শর্ত এটি। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে যুদ্ধের কারণে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের ‘পুরো নিয়ন্ত্রণ’ রয়েছে।