https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। এর মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাওয়ার বার্তা বিশ্বকে দিতে পারবে।
তিনি আরও বলেন, স্থপতি লুই আই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার প্রমাণ করে যে নেতৃত্ব শুধু নীতিতে নয়, বাস্তব কাজেও প্রতিফলিত হতে হবে।
তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি ও শিল্পায়ন সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। তবে একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, অনিয়মিত বর্ষণ ও নদীভাঙনের মতো বাস্তবতা মোকাবিলায় টেকসই জ্বালানির বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। দেশের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি ও উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।